পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা লেম্বুর বনাঞ্চলে প্রায় সাড়ে ছয় ফুট লম্বা দুইটি অজগর (বার্মিজ পাইথন) অবমুক্ত করা হয়েছে।
শনিবার দুপুরে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা বন কর্মীদের উপস্থিতিতে বিশাল সাপ দুইটি গভীর বনে ছেড়ে দেয়।
সংগঠনটির সদস্য রাকায়েত আহসান জানান, গত মঙ্গলবার কলাপাড়া পৌর শহরে এ সাপ গলায় পেঁচিয়ে বেদে সম্প্রদায়ের কয়েকজন নারী দোকান দোকানে টাকা তুলছিলেন। সেখান থেকে কলাপাড়া বন বিভাগের সহায়তায় অ্যানিমেল লাভার্স কলাপাড়া শাখার সদস্যরা সাপ দুইটি উদ্ধার করে। দীর্ঘদিন বাক্সবন্দী থাকায় সাপ দুইটি অসুস্থ হয়ে পড়েছিল। উদ্ধারের পর তিনদিনের চিকিৎসা শেষে তাদের বনাঞ্চলে ছেড়ে দেয়া হয়।
বন বিভাগের কলাপাড়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সাপ নিয়ে বেদেনী টাকা তুলছে- এমন খবর পেয়ে তাৎক্ষণিক বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অ্যানিমেল লাভার্স সংগঠনের সদস্যদের সাপ দুইটি উদ্ধারে সহায়তা করে। বন্যপ্রাণী সুরক্ষায় এ সংগঠনটিকে তারা সার্বক্ষণিক সহায়তা দিচ্ছেন বলেও জানান তিনি।
কলাপাড়ায় পদ্মগোখরা ও অজগরসহ পাঁচ সাপ বনে অবমুক্ত