রাইস কুকারের ভেতরে দেড় কোটি টাকার স্বর্ণ এনে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কাস্টমসের হাতে ধরা পড়েছে এক যাত্রী। শুক্রবার সকালে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম আসেন তিনি।
আটক ওই যাত্রীর নাম মোহাম্মদ আলী। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানা সংলগ্ন ফতেয়াবাদ চিকনদণ্ডি গ্রামের মোহাম্মদ মুসার ছেলে।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম আসেন আলী। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকে সতর্ক ছিলেন কাস্টমস কর্মকর্তারা। এসময় ওই যাত্রীর ব্যাগেজ চেক করে ব্যাগেজের মধ্যে থাকা রাইস কুকারের লোহার খাঁচের ভেতর থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার আহসান উল্লাহ জানান, এ চোরাচালানের সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে। জব্দ করা স্বর্ণ ও আটক ব্যক্তির বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান আছে।
ভারতে পাচারের সময় সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার