মেহেরপুরে মাইক্রোবাস, মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার (৩১ মার্চ) বিকেলে জেলা শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এনআরবিসি ব্যাংক ঢাকা রূপনগর শাখার অফিসার আকতারুজ্জামান শোভন (২৯), মোটরসাইকেল আরোহী মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আল ইমরান (২৮) ও গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে জুবায়ের (৮)।
শিশু জুবায়েরের বাবা ভ্যান চালক আলী হাসান ও মাইক্রোর চালক পলাশকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, একটি মাইক্রোবাস মেহেরপুর শহরের দিকে আসছিল এবং আক্তারুজ্জামান ও ইমরান মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস, ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাইলপোস্টে আঘাত লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পথচারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে আক্তারুজ্জামান মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যান। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত ইমরান ও শিশু জুবায়ের মারা যায়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার শিকার যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছেন। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুনামগঞ্জে সাতসকালে সংঘর্ষ দুই দল মানুষ, আহত ৩০