কিশোরগঞ্জের হোসেনপুরে বখাটেদের ঢিল ছোড়ার প্রতিবাদ করায় শুভ মিয়া (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শুভ মিয়া ওই এলাকার সৌদিপ্রবাসী মো. সাদেকুল ইসলামের ছেলে। তার পরিবার জানায়, আগামী ঈদের পর শুভর সৌদি আরব যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিলো।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাঈম (২১), রিয়াদ (২২), সফিকুল (২২), হিমেল (২০) ও আরমানসহ (২১) ৮-১০ জন যুবক এলাকায় নিয়মিত উৎপাত করত। মঙ্গলবার রাতে তারাবির নামাজের সময় তারা বিভিন্ন বাড়ির টিনের চালে ইট-পাটকেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। শুভ মিয়া ও তার ফুফাতো ভাই এনামুল এর প্রতিবাদ করলে স্থানীয় মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শুভর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত শুভকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
