বাগেরহাটের চিতলমারীতে মামাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে চার বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার খড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু কথা রানী পোদ্দার (৪) নড়াইল জেলার নড়াগাতীর ডুককুড়ো গ্রামের কমলেম পোদ্দারের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুপুরের দিকে কথা অন্য শিশুদের সাথে মামাবাড়ির উঠানে খেলছিল। খেলার একসময় হঠাৎ বাড়ির উঠানের পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ হাসপাতালে এসে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পুলিশি হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
