বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক ও জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়লে তারাও পুলিশকে লক্ষ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এর আগে দুপুর দুইটার দিকে খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করে আন্দোলনকারীরা। মিছিলটি শান্তিপূর্ণভাবে গল্লামারী মোড়ে পৌঁছায়।
পরে পুলিশের টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। সংঘর্ষের ফলে বন্ধ রয়েছে ওই এলাকার আশপাশের সব দোকানপাট এবং গাড়ি চলাচল।

এদিকে সংঘর্ষ চলাকালে টিয়ারসেল ও রাবার বুলেটে পাঁচ থেকে সাত জন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। তবে এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
