যশোর চাচাতো ভাইকে হত্যায় আপন দুই ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মামলায় খালাস পেয়েছেন একজন।
সোমবার (২৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- জেলার ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের দুই ভাই ওসমান ও আলী হোসেন। খালাস পেয়েছে দণ্ডিত ওসমানের স্ত্রী খাদিজা খাতুন।
মামলার বরাতে আদালতের পিপি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, ছোট পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুল আমিনের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমি নিয়ে বিরোধ ছিলো। ২০২৩ সালের সাত সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে ওসমান ও আলী হোসেনের ঝগড়া হয়। এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন বাড়ি থেকে দা এনে কামরুল আমিনকে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গিয়ে কামরুলের বড়ো ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন। তারা চার জনকেই কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চার জনকেই যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কামরুল মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন সরদার ওই তিন জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের তিন জুলাই ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক বনি ইসরাইল আদালতে চার্জশিট জমা দেন।
রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও অসন্তোষ রয়েছে আসামি পক্ষে। ন্যায় বিচার পান নাই দাবি করে তারা উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
