পটুয়াখালীর মির্জাগঞ্জে পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া (মাছুয়াখালী) গ্রামে নিজ বাড়ির মাত্র ২০০ মিটার দূরে একটি পানের বরজের পাশের নির্জন স্থান থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুথি মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের জামাল হাওলাদারের মেয়ে। সে স্থানীয় সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে স্কুলে বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় যুথি। তবে পরীক্ষা শেষে সে আর বাড়ি ফেরেনি। স্বজনরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাননি।
বৃহস্পতিবার সকালে বাড়ির আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পানক্ষেতের পাশে যুথির জুতা পড়ে থাকতে দেখেন। সেই জুতার সূত্র ধরে সামনে এগোতেই নির্জন স্থানে তার বিবস্ত্র মরদেহ দেখতে পান তারা। মরদেহের পাশেই পড়ে ছিল তার বার্ষিক পরীক্ষার প্রবেশপত্র ও শিক্ষাগত প্রয়োজনীয় কাগজপত্র ভর্তি একটি ফাইল।
মেয়ের এমন মর্মান্তিক পরিণতি দেখে বাবা জামাল হাওলাদার চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবরটি ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকায় শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, দুই দিন ধরে নিখোঁজ থাকা ওই ছাত্রীর মরদেহ পানের বরজের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও রহস্য উন্মোচনে সিআইডি, পিবিআই এবং থানা পুলিশ যৌথভাবে মাঠে নেমেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
