গাইবান্ধায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক তরুণ। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে জেলার পলাশবাড়ী উপজেলার এমএ সামাদ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নিহত সাগর মিয়া উপজেলার গৃধারীপুরের মন্টু মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) ও উপজেলার দুবলাগাড়ি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে নাইমুর রহমান স্বচ্ছ (২০)।
স্থানীয়রা জানায়, সাগর তার দুই বন্ধু শামিউল এবং নাইমুরকে সঙ্গে নিয়ে বাইকে করে কিশোরগাড়ীর ইউনিয়নের দিকে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সাগর মিয়া মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত অপর দুই আরোহীকে উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাইমুর রহমান স্বচ্ছ মারা যায়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম আজমিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।
আসামি ধরতে জীবন বাজী, অতলে ডুবলেন পুলিশ