ভারতীয় সিনেমার কিংবদন্তী প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতা এবং তার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবরের বিরুদ্ধে মঙ্গলবার সকালে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী। একই সঙ্গে এই ধরনের ‘অবিশ্বাস্য’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ সংবাদ পরিবেশনের জন্য সংবাদ ও গণমাধ্যমগুলোর ব্যাপক সমালোচনা করেছেন তিনি।
ধর্মেন্দ্রর অসুস্থতা নিয়ে সম্প্রতি কিছু অপ্রমাণিত খবর এবং তার মৃত্যু সংক্রান্ত গুজবে সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছিলো। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে নিজের 'এক্স' (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্টে হেমা মালিনী স্পষ্ট জানিয়ে দেন, ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হচ্ছেন।
৭৭ বছরের এই অভিনেত্রী তার পোস্টে লেখেন, যা ঘটছে তা ক্ষমাহীন! দায়িত্বশীল চ্যানেলগুলো কীভাবে এমন এক ব্যক্তিকে নিয়ে ভুয়ো খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হচ্ছেন? এটি চরম অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন কাজ। দয়া করে পরিবার এবং তাদের গোপনীয়তাকে সম্মান দিন।
হেমা মালিনীর মন্তব্যের ঠিক কিছুক্ষণ আগেই তাদের বড় মেয়ে এশা দেওলও একই ধরনের বার্তা দেন। এশা দেওল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি শেয়ার করে তাঁর বাবার মৃত্যুর খবরকে সম্পূর্ণভাবে অস্বীকার করেন।
এশা দেওল তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, সংবাদমাধ্যম অতি সক্রিয় হয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে বলে মনে হচ্ছে। আমার বাবা স্থিতিশীল এবং সুস্থ হচ্ছেন। আমরা সকলের কাছে অনুরোধ করছি যে আমাদের পরিবারকে একটু ব্যক্তিগত পরিসর দিন। বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার জন্য ধন্যবাদ।

উল্লেখ্য, এই বিতর্কিত পরিস্থিতির কারণে এশা দেওল তার ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বিভাগ বন্ধ করে দিয়েছেন।
ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে এই কড়া বার্তাগুলো আসার পর তার ভক্তকূল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পরিবার সংবাদমাধ্যমকে এমন সংবেদনশীল সময়ে দায়িত্বশীল হওয়ার এবং ধর্মেন্দ্রর দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে।
অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবরকে গুজব বললেন মেয়ে