ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
এবারের আসরে নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে বাজিমাত করেছেন আফরান নিশো, জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল।
এবারের আসরে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। এই সিনেমার জন্যই খন্দকার সুমন পাচ্ছেন সেরা পরিচালকের পুরস্কার। চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ (মরণোত্তর) এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পার্শ্বচরিত্রে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন মনির আহমেদ শাকিল এবং ‘ওরা সাতজন’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নাজিয়া হক অর্ষা।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য সেরা খল অভিনেতা হয়েছেন আশীষ খন্দকার এবং ‘সুড়ঙ্গ’র জন্য সেরা কৌতুক অভিনেতা নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম।
সংগীত বিভাগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর জন্য সেরা সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী। ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গানের জন্য সেরা গায়ক হয়েছেন বালাম। একই সিনেমার ‘ঈশ্বর’ গানের জন্য সেরা গীতিকার সোমেশ্বর অলি এবং সেরা সুরকার নির্বাচিত হয়েছেন প্রিন্স মাহমুদ।
এছাড়া ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘গাঁ ছুঁয়ে বলো’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন অবন্তী দেব সিঁথি।
প্লেব্যাক সম্রাট অরিজিৎ সিংয়ের সেরা পাঁচ গান