স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখাসহ শীর্ষ একাধিক পদে রদবদল করা হয়েছে। রোববার (২৭ মার্চ) মোট ৯ জনকে বদলি ও পদায়ন করা হয়।
এতে হাসপাতাল ও ক্লিনিক শাখার নতুন পরিচালক করা হয়েছে ডা. বেলাল হোসেনকে। এছাড়াও এমআইএস শাখার নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক ডা. শাহাদাত হোসেনকে।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পারসোনেল-২ অধিশাখা) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: কিলিং মিশন শেষে সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন আকাশ
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. বেলাল হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক হিসেবে পদায়ন করা হলো।
এছাড়া একই প্রজ্ঞাপনে রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপ-অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
এ আদেশ শিগগিরই কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
একাত্তর/আরএ
