সারাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া হাম রোগের সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে কেবল ঢাকা বিভাগেই চারজন প্রাণ হারিয়েছেন। এছাড়া সিলেট ও খুলনায় একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৬৯ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ১৬৪ জন।
সংক্রমণের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৭ জন, যার ফলে এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ১৫০ জনে।
চিকিৎসা ও হাসপাতালগুলোর পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট দুই লাখ ৮ হাজার ৬৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৯৯ হাজার ৮৯৪ জন। চিকিৎসকরা দেশজুড়ে হামের এই ব্যাপক বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত টিকাদানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
