ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই দুই রাজ্যে বন্যা ও ভূমিধ্বসে মৃত্যু বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কয়েকদিনের বন্যার কারণে এখন পর্যন্ত আসামে ২৪ ও মেঘালয়ে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে সবচেয়ে খারাপ অবস্থা আসামে। প্রতিদিন গ্রামের পর গ্রাম ডুবছে। পানির নিচে চলে যাচ্ছে বসতবাড়ি থেকে কৃষিজমি। একাধিক বাঁধ, কালভার্ট ও সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।
ভয়াবহ বন্যায় রাজ্যটির বানভাসি প্রায় ৩১ লাখ মানুষ দুর্বিপাকে। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৩২টিই বন্যাকবলিত। বন্যায় এ পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ২৫ জন।
আসাম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় ২৫ জন মৃতের মধ্যে চার জন শিশুও রয়েছে। সব মিলিয়ে চলতি বছরে আসামে বন্যা ও ভূমিধ্বসে মৃত্যু হয়েছে ৬২ জনের।
সব মিলিয়ে ৩৩টি জেলার অন্তত ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়। ৫০০ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন দেড় লাখেরও বেশি ঘরহারা মানুষ।
আরও পড়ুন: জাপানে বিয়ের প্রতি অনাগ্রহ আরও বাড়ছে
বন্যা ও ভূমিধ্বসের কারণে আটকা পড়াদের জন্য আসাম সরকার গুয়াহাটি ও শিলচরের মধ্যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থাও করেছে।
শনিবার রাজ্যে অতিরিক্ত ১৪৭ ভাগ বৃষ্টি হয়েছে। আর টানা বর্ষণে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় ত্রিপুরায়ও ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
সেখানের আগরতলায়ও বন্যার খবর পাওয়া গেছে। মাত্র ছয় ঘণ্টায় শহরটিতে ১৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ৬০ বছরে আগরতলায় তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।
