ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছেন শ্রীলঙ্কার দশজন খেলোয়াড়। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশিটিতে ফিরতে চান না বলেই তারা গা ঢাকা দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে দ্বীপ দেশটির একজন শীর্ষ ক্রীড়া কর্মকর্তা রোববার এএফপি'কে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, ওই ৯ লঙ্কান ক্রীড়াবিদ এবং একজন ম্যানেজার তাদের ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেন। কিন্তু ইভেন্ট শেষ হওয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
গত সপ্তাহে প্রথমে তিনজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তারা হলেন, জুডোকা চামিলা দিলানি, তার ম্যানেজার আসেলা ডি সিলভা এবং কুস্তিগীর শানিথ চথুরাঙ্গা।
ওই ঘটনার পর শ্রীলঙ্কার কর্মকর্তারা বার্মিংহাম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
এদিকে পরে আরও সাতজন নিখোঁজ হয়। যদিও তাদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ওই কর্মকর্তা জানান, আমাদের সন্দেহ, তারা যুক্তরাজ্যে থাকতে চায়, সম্ভবত চাকরি পাওয়ার জন্য।
আরও পড়ুন: নিরুপায় হয়ে তেলের দাম বাড়িয়েছে সরকার: কাদের
এদিকে ব্রিটিশ পুলিশ নিখোঁজ হওয়া প্রথম তিনজনকে খুঁজে পেয়েছে। কিন্তু তারা স্থানীয় ব্রিটিশ আইন লঙ্ঘন করেননি এবং ছয় মাসের জন্য তাদের ভিসা বৈধ, ফলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ব্রিটিশ পুলিশ ওই তিনজনের অবস্থান সম্পর্কেও লঙ্কান কর্তৃপক্ষকে কিছুই জানায়নি।
অতীতেও আন্তর্জাতিক ইভেন্ট থেকে শ্রীলঙ্কার ক্রীড়াবিদদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কার রেসলিং ম্যানেজার তার দল ত্যাগ করেন এবং অসলোতে একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট চলাকালীন অদৃশ্য হয়ে যান। এছাড়া দক্ষিণ কোরিয়ায় ২০১৪ সালের এশিয়ান গেমসের সময় দুই শ্রীলঙ্কার ক্রীড়াবিদকে আর খুঁজে পাওয়া যায়নি।
একাত্তর/আরবিএস
