ইউক্রেনে রুশ হামলা শুরুর পর যারা শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে আশ্রয়
নিয়েছেন, তাদের দেশে ফিরতে নিষেধ করেছে ইউক্রেন সরকার। আসন্ন শীত পর্যন্ত শরণার্থী
এসব নাগরিকের দেশে ফেরা উচিত হবে না বলেও জানিয়েছে তারা।
জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কমাতে ইউক্রেনীয় শরণার্থীদের আগামী বসন্তকাল পর্যন্ত ফিরে আসা উচিত নয় বলে মনে করছে কিয়েভ সরকার। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রুশ বিমান হামলা দেশটির জ্বালানি খাতের এক তৃতীয়াংশেরও বেশি ধ্বংস করেছে।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাইকোলাইভে পানির পাইপে নাশকতার অভিযোগ উঠেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা একটি অনুসন্ধানে জানিয়েছেন, গেলো এপ্রিল মাসে রাশিয়া পরিকল্পিতভাবে পানির সরবরাহ বিচ্ছিন্ন করেছে।
কিয়েভের পক্ষ থেকে দেশের শরণার্থী নাগরিকদের দেশে না ফেরার আহ্বান জানিয়ে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিয়ানা ভেরেশ্চুক বলেন, বিদ্যুৎ অবকাঠামো পরিস্থিতি সামলাতে পারবে না। আপনারা দেখছেন, রাশিয়া কি করছে। শীতে আমাদের তো বাঁচতে হবে।
আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে আক্রমণাত্মক থাকতে চাই: সাকিব
তিনি বলেন, যদিও তিনি চান বসন্তেই বিভিন্ন দেশে থাকা ইউক্রেনের নাগরিকেরা দেশে ফিরে আসুক। কিন্তু এখন তাদের দেশে ফিরে না আসা উচিত হবে কারণ পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। তিনি বলেন, যদি সম্ভব হয় তাহলে কিছু দিন বিদেশেই থাকুন।
ইউক্রেনে রুশ বাহিনী বিশেষ অভিযান শুরু করার পর থেকে ইউক্রেনীয়রা দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিতে শুরু করেন। জাতিসংঘের হিসাব বলছে, রাশিয়াসহ ইউরোপে বিভিন্ন দেশে এখন পর্যন্ত ইউক্রেনের ৭৭ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন।
একাত্তর/আরবিএস
