মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রধানদের মধ্যকার বৈঠকের প্রস্তাব প্রত্যাখান করেছে চীন। বেইজিংয়ের এ সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’, বিশেষকরে সাম্প্রতিক ‘উস্কানিমূলক’ চীনা আচরণের প্রেক্ষিতে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের কাছে ‘অপ্রয়োজনীয় আগ্রাসনমূলক রণকৌশল’ চালানোর জন্য ওয়াশিংটন বেইজিংকে অভিযুক্ত করার পর বৃহস্পতিবার এমন মন্তব্য করলেন অস্টিন। খবর এএফপি’র।
চলতি সপ্তাহে সিঙ্গাপুরে একটি প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে অস্টিনের সাথে আলোচনার জন্য চীনের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে আমন্ত্রণ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বেইজিং ওই বৈঠকে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছে।
অস্টিন বলেন, আপনি আমাকে অনেকবার বৃহৎ ও অনেক ক্ষমতাসম্পন্ন দেশগুলোর গুরুত্বের ব্যাপারে কথা বলতে শুনেছেন, একে অপরকে কথা বলতে সক্ষম হচ্ছেন যাতে আপনি সংকট নিরসন করতে এবং বিষয়গুলো অপ্রয়োজনীয়ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে রক্ষা করতে পারেন।
তিনি যোগ করেন, চীন সম্প্রতি আমাদের বিমান এবং মিত্রদের বিমানকে উস্কানিমূলকভাবে বাধা দেয় যা খুবই উদ্বেগজনক ছিল। আমি এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন যেটি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, চীনের যুদ্ধবিমানের এক পাইলট গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরের ওপর পরিচালিত আমেরিকার একটি গোয়েন্দা বিমানের কাছে ‘অপ্রয়োজনীয়ভাবে আগ্রাসনমূলক রণকৌশল' চালায়।
মার্কিন সামরিক বাহিনী প্রকাশ করা ভিডিও ফুটেজে চীনের একটি যুদ্ধবিমানকে আমেরিকার বিমানের একেবারে সামনে দিয়ে অতিক্রম করতে দেখা গেছে।
তবে চীনের সামরিক বাহিনী বলেছে, মার্কিন বিমানটি সেখানে সামরিক প্রশিক্ষণ এলাকার রীতি ‘ভঙ্গ করেছিল’।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন
চীনের অভিযোগ, চীনের ওপর নিবিড় নজদারি চালানোর জন্য কোনো জাহাজ ও বিমান পাঠানো চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
এর আগে তাইওয়ান ভূখণ্ড ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে চীন-মার্কিন সম্পর্কের অবনতি ঘটে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আকাশে থাকা চীনা আবহাওয়া বেলুনকে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র, যা মেনে নিতে পারেনি চীন।
আরও পড়ুন: বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম
সংশ্লিষ্টদের ধারণা, ওই ঘটনার জবাব পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানের কাছে ‘আগ্রাসনমূলক রণকৌশল’ চালিয়েছে বেইজিং।
একাত্তর/আরবিএস
