ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পিএম

চার দিনের সফরে আগামী সপ্তাহের শুরুতে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। প্রেসিডেন্টের সফরে দুই দে‌শের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসার কথা প্রেসিডেন্ট হোর্তার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে বিমানবন্দরে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হবে। 

খসড়া সূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুপুরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট হোর্তা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই শীর্ষ নেতা একান্তে কিছু সময় আলাপ করবেন। পরে প্রতিনিধিদল নিয়ে বৈঠকে বসবেন ইউনূস-হোর্তা। বৈঠক শেষে তারা যৌথ প্রেস কনফারেন্স করবেন। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।

এদিন বিকেলে পূর্ব তিমুরের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি ও বিএনপি নেতা তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করবেন হোর্তার। পরদিন ১৬ ডিসেম্বর সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। সেখানে তাকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। পরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। 

এদিন বিকেলে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে যাবেন সফররত তিমুরের প্রেসিডেন্ট। সেখানে দুই প্রেসিডেন্ট বৈঠকে মিলিত হবেন। পরে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রেসিডেন্ট হোর্তা।

সফরের শেষ দিন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএস) অডিটরিয়ামে দ্যা চ্যালেঞ্জেস অব পিস ইন দ্যা কনটেম্পোরারি ওয়ার্ল্ড— শীর্ষক থিমের ওপর বক্তৃতা করবেন। পরে তিনি বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ নেতাদের নিয়ে বৈঠক করবেন।

আগামী ১৭ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রেসিডেন্ট হোর্তা। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে বিমানবন্দরে বিদায় জানানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, পূর্ব তিমুরের বর্তমান প্রেসিডেন্ট ২০১৪ সালে বাংলাদেশ সফর করেছিলেন। দশ বছরের ব্যবধানে এটি তার বাংলাদেশে দ্বিতীয় সফর হতে যাচ্ছে।

এআর
পূর্ব তিমুরের উপকূলে শুক্রবার (২৭ মে) একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর