ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের ঘোষণার পর ১০ ডাউনিং স্ট্রিটের পরবর্তী চাবির দাবিদার কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়ে গেছে জোর গুঞ্জন। আর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির শীর্ষ পদের লড়াইয়ে নামার ঘোষণা দিলেন স্টারমারের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রতিদ্বন্দ্বিতায় শামিল হওয়ার কথা নিশ্চিত করেছেন।
স্টারমারের পদত্যাগকে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের শুরু হিসেবে উল্লেখ করে বার্নহাম লিখেছেন, কিয়ার স্টারমার আমাদের দেশের জন্য এক বিশাল অবদান রেখেছেন। এমন একটি চ্যালেঞ্জিং সময়ে তাঁর নেতৃত্ব এবং নিষ্ঠার জন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁর এই সিদ্ধান্ত মূলত এক নতুন রূপান্তরের সূচনা করেছে। তবে এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যেন অত্যন্ত সুশৃঙ্খল ও দায়িত্বশীল উপায়ে শেষ হয়, তা নিশ্চিত করা জরুরি। আমি নিজেকে এই প্রক্রিয়ার অংশ হিসেবে সবার সামনে তুলে ধরছি।

বার্নহাম আরও যোগ করেন, এই মুহূর্তে ব্রিটিশ জনগণ সরকারের কাছ থেকে রাজনৈতিক স্থিতিশীলতা ও গুরুত্ব আশা করে এবং লেবার পার্টি ঠিক সেটাই নিশ্চিত করবে। জীবনযাত্রার লাগামহীন খরচ, আবাসন সংকট, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভেঙে পড়া জনসেবা খাতের আমূল সংস্কার করে নতুন প্রজন্মের জন্য সুযোগ তৈরি করাই হবে তাঁর মূল লক্ষ্য।
এদিকে, লেবার পার্টির নেতৃত্ব পাওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহামের অবস্থান আরও শক্তিশালী হয়েছে তাঁরই এক সময়ের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ওয়েস স্ট্রিটিংয়ের একটি আকস্মিক ঘোষণায়। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার স্বয়ং স্ট্রিটিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে তিনি সরাসরি বার্নহামকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে স্ট্রিটিং লেখেন, আমরা চাইলে পুরো গ্রীষ্মজুড়ে নিজেদের ভেতরের ছোটখাটো মতবিরোধগুলোকে বড় করে তুলে সময় নষ্ট করতে পারি, অথবা আমরা সবাই মিলে একসাথে বার্নহামের হাতকে শক্তিশালী করতে পারি, যাতে তিনি দল ও দেশের প্রয়োজনীয় পরিবর্তনগুলো এনে দিতে পারেন। আমি দ্বিতীয় পথটিই বেছে নিচ্ছি এবং আশা করি অন্য সবাইও অ্যান্ডিকে সমর্থন জানাবেন।
উল্লেখ্য, ওয়েস স্ট্রিটিং স্টারমার ক্যাবিনেটের অন্যতম প্রভাবশালী স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। কিন্তু কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আস্থা হারানোর কারণ দেখিয়ে গত ১৪ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। আজ স্ট্রিটিংয়ের এই প্রকাশ্য সমর্থন এবং প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে বার্নহামের আনুষ্ঠানিক অবতীর্ণ হওয়া, ব্রিটেনের মসনদে লেবার পার্টির এই ‘পরিবর্তনের হাওয়া’কে আরও গতিশীল করে তুলল।
