যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ ‘কাগুজে বাঘ’প্রমাণিত হয়েছে: ইরানি জেনারেল

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা দেয়, এমন ধারণার অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ এখন কাগুজে বাঘ হিসেবে প্রমাণিত হয়েছে। এমনকি হাজার হাজার মাইল দূরে অবস্থান করা মার্কিন সেনারাও এখন উদ্বিগ্ন।’

শুক্রবার (১৩ নভেম্বর) তেহরানে ১৯৮০ থেকে ১৯৮৮ সালের আট বছরের যুদ্ধে নিহত ১১০ জন অজ্ঞাতপরিচয়ের জানাজা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইজাদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা দেয়, এমন ধারণার অবসান হয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ এখন কাগুজে বাঘ হিসেবে প্রমাণিত হয়েছে। এমনকি হাজার হাজার মাইল দূরে অবস্থান করা মার্কিন সেনারাও এখন উদ্বিগ্ন।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা, চালকবিহীন উড়োজাহাজ, নৌ সক্ষমতা ও ভূখণ্ড প্রতিরক্ষাসহ সব ক্ষেত্রে ইরান প্রস্তুত রয়েছে। দেশজুড়ে বাসিজ বাহিনীর সদস্যরাও প্রস্তুত আছেন।’

তিনি বলেন, ‘ইসলামি বিপ্লবের অগ্রযাত্রা শত্রুপক্ষকে হতাশ করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধ এবং ৪০ দিনের রমজান যুদ্ধের সময় শত্রুপক্ষ সরাসরি সংঘাতে জড়াতে বাধ্য হয়েছিল। কারণ, তাদের সহযোগী ও সমর্থক গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিতে আর সক্ষম ছিল না।’

ইরানের জনগণই এই প্রতিরোধ আন্দোলনের সামনের সারিতে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা তুলে ধরে ইজাদি বলেন, ‘সম্মুখসারিতে থাকা ইরানের ক্ষেপণাস্ত্র কমান্ডাররা জানিয়েছেন, প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে দুই টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সামর্থ্য রয়েছে তাদের। এই সক্ষমতা অর্জনে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করা হয়েছে।’

আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরে বিপ্লবী গার্ডের এই উপপ্রধান বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি বর্তমানে গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। মার্কিন বিমানবাহী রণতরিতে অবস্থানরত সেনা ও সদস্যদের মনোবল কমে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এমনকি তারা এখন ইরানের সামুদ্রিক সীমান্তের কাছাকাছি আসার সাহস পাচ্ছেন না। বরং কয়েক শ কিলোমিটার দূরে অবস্থান করছেন।’

তিনি আরও বলেন, ‘ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো পর্যায়ের হুমকি মোকাবিলা করবে।’

এর আগে গত ২১ অক্টোবর জেনারেল ইজাদি কৌশলগত হরমুজ দ্বীপের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, হরমুজ প্রণালিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ও মহাকাশ বাহিনীর কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা সক্ষমতায় শ্রেষ্ঠত্ব রয়েছে।

ইজাদির দাবি, হরমুজ প্রণালীর যুদ্ধক্ষেত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ইসলামি প্রজাতন্ত্র যত দিন চাইবে, তত দিন এই নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে শত্রুপক্ষের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সাহসী সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে। স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রেই শত্রুপক্ষ ইরানের যোদ্ধাদের ভয়ে উদ্বিগ্ন। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের মজুত ব্যাপকভাবে কমে যাওয়ার বিষয়টিও স্বীকার করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি তাদের জন্য ভূরাজনৈতিক ভূমিকম্পের সৃষ্টি করেছে।’

ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরোধক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সম্মুখসারির ক্ষেপণাস্ত্র কমান্ডাররা ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে দুই টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারছেন। এর মাধ্যমে দেশের নিরাপত্তা ও শক্তির বিরুদ্ধে শত্রুপক্ষের ষড়যন্ত্র প্রতিহত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ইজাদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক, কার্যকর ও অনুশোচনা তৈরি করার মতো জবাব দেবে। হুমকির মাত্রা বা ধরন যা-ই হোক, ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই নিপীড়ন ও আধিপত্যবাদের শিকড় উপড়ে ফেলতে পদক্ষেপ নেওয়া হবে।’

সূত্র: মেহের নিউজ এজেন্সি

একাত্তর/কেআই
গাজায় গণহত্যা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক হামলা এবং নিজ দেশে নাগরিক স্বাধীনতা সংকুচিত করার অভিযোগে রাজনৈতিক চাপে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতার পালাবদলের...
বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 
পরকীয়া ও গুপ্তচরবৃত্তির বিতর্কের জেরে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের পর এবার তাঁর উত্তরসূরি হিসেবে অ্যাপলের সিইও টিম...
পরকীয়া কেলেঙ্কারি এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকির মতো স্পর্শকাতর অভিযোগের মুখে অবশেষে বিশ্বখ্যাত চিপ নির্মাতা ও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে...
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং অ্যাডাপটেশন ফান্ড থেকে সরাসরি অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী...
নোয়াখালীর চাটখিল উপজেলায় শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে আইনপ্রয়োগকারী সংস্থা। পরকীয়া ও পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের...
ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় আখাউড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়, যা স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর...
বাগেরহাটের মোল্লাহাটে একটি মাদ্রাসাসংলগ্ন মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে এবং ভুক্তভোগী শিশুদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর