দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, যা নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়ালো।
সর্বশেষ হিসাব অনুসারে গত একদিনে তিন জন ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত মোট ২০ হাজার ১২৯ জন এইডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৯ হাজার ৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর প্রাণ হারিয়েছেন ৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ৯৬৭ জন ডেঙ্গু রোগী, যাদের ৭৯৫ জনই ঢাকা মহানগরীর।
এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে অগাস্ট ও সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন ১৫ হাজার ৫৩৯ জন। এ দুই মাসে মারা গেছেন ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে নতুন আক্রান্ত হওয়া ২১১ জনের ১৬৪ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের বিভাগগুলোতে ভর্তি হয়েছেন বাকি ৪৭ জন।
গত মাস সেপ্টেম্বরে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৮৪১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই মাসে প্রাণ গেছে ২৩ জনের।
এর আগে অগাস্টজুড়ে ৭ হাজার ৬৯৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।
একাত্তর/এআর
