করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকা মহাদেশ থেকে বাংলাদেশিদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে।
কেউ এলেও সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, ‘নো মাস্ক নো সার্ভিসের’ আদলে, এবার সারাদেশে ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’ কার্যকর করার চিন্তা করছে সরকার। আর ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ দেয়া হবে।
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিস্তারিত জানাতে সাংবাদিকদের সামনে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত মানুষের চরম ক্লান্তি, গলা ব্যাথা, পেশি ব্যাথা ও শুকনো কাশি হতে পারে।
অতি সংক্রমনশীল এই ভাইরাস ছড়িয়েছে আফ্রিকার কমপক্ষে ছয়টি দেশে। ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেছে ইউরোপের কয়েকটি দেশে।
বাংলাদেশে ওমিক্রন ছড়িয়ে পড়া ঠেকাতে ৪২ সদস্যের আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক থেকে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ২৪০ জন বাংলাদেশে এসেছেন।
কিন্তু সমস্যা হলো, তাদের অবস্থান জানার চেষ্টা করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তারা যে ঠিকানা দিয়েছেন, সেটিও ভুল দিয়েছেন। তারা ফাঁকি দিয়ে চলে গেছেন। তাদের ফোনও বন্ধ।
মন্ত্রী বলেন, যেসব দেশে সংক্রমণ বাড়ছে, সেখান থেকে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টাইন রাখা হবে। এছাড়া করোনা পরীক্ষার ফল ৭২ ঘণ্টার পরিবর্তে ৪৮ বা ২৪ ঘণ্টায় নামিয়ে আনা হবে।
যারা আফ্রিকান দেশগুলো থেকে আসবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতেই হবে। সেখান থেকে আসতেই নিরুৎসাহিত করা হচ্ছে।
আরও পড়ুন: 'বাণিজ্য প্রসারে পুনরায় চালু হবে আখাউড়া-আগরতলা রেল রুট'
সারাদেশে চলমান স্থানীয় নির্বাচন চলবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভোট হবে, তবে স্বাস্থ্যবিধি মেনে সেটি করতে হবে। সভা-সমাবেশগুলো যেন সীমিত করে।
একইভাবে স্কুল-কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন যেভাবে চলছে, সেভাবেই চলতে বলা হয়েছে বলে জানান জাহিদ মালেক।
মন্ত্রী আরো জানান, করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাই ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হবে।
টিকা নেওয়াতে ভাটা পড়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এজন্য নো ভ্যাকসিন নো সার্ভিস কার্যক্রম চালুর বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার।
তিনি বলেন, টিকা নিলেই হবে না। ট্রেন-বাসে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে। চলাচলের সময় স্বাস্থ্যবিধি না মানা হলে মোবাইল কোর্টের আওতায় এনে জরিমানার ব্যবস্থা করা হবে।
ইউরোপের যুক্তরাজ্য, জার্মানিও ইতালিতেও ওমিক্রনে আক্রান্ত মানুষ পাওয়া গেছে। তবে দেশগুলোর সাথে এখনই যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
একাত্তর/টিএ
