ইউক্রেনে চলমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অন্য কোন দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলী পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।
সেইসাথে সকল বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করতে পরামর্শ দেয়া হয়।
আরও পড়ুন: এক মাস চলবে বইমেলা, আশা প্রধানমন্ত্রীর
বিজ্ঞপ্তিতে ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত রাখার জন্য অনুরোধ করা হয়, যাতে করে জরুরী প্রয়োজনে দূতাবাস তাঁদের সাথে যোগাযোগ করতে পারে।
উল্লেখ্য, রাশিয়া যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় সেখানে অবস্থিত বিদেশি নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ এক ডজনেরও বেশি দেশ।
একাত্তর/এসজে
