বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনাভাইরাসের টিকা 'বঙ্গভ্যাক্স' কে শর্তসাপেক্ষে মানুষের শরীরে (হিউম্যান ট্রায়াল) পরীক্ষার অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।
বুধবার (১৬ জুন) বিএমআরসি'র বিশেষজ্ঞ দলের এক সভায় এই অনুমতি দেওয়া হয়।
বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বলেন, ‘হিউম্যান ট্রায়ালের’ আগে বিএমআরসির নিয়ম অনুযায়ী সব ধরনের শর্ত পূরণ করতে হবে। শর্ত অনুযায়ী মানবদেহে পরীক্ষার পূর্বে শিম্পাঞ্জি অথবা বানরের ওপর এই টিকাগুলোর কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়ার সমস্ত কাগজপত্র বিএমআরসিতে জমা দিতে হবে।
সভায় চীন ও ভারতের দুইটি টিকারও হিউম্যান ট্রায়াল জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রেও কিছু শর্ত আরোপ করেছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। আইসিডিডিআরবি’র দুজন বিজ্ঞানী চীন ও ভারতের টিকার ট্রায়ালের জন্য অনুমোদন চেয়েছিল।
এদিকে হিউম্যান ট্রায়ালের অনুমতি পাবার পর গ্লোব বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশিদ তার প্রতিক্রিয়ায় জানান, অবশ্যই আমরা খুশি যে নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। বিশ্বের স্বীকৃতি তো পেয়েছিই এবার দেশের কাছ থেকে হলাম। তারা যেসব শর্ত দিবে তা পূরণ করতে পারবো আশা করি।
চেয়ারম্যান আরও বলেন, ইতিমধ্যে বানরের শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য বিদেশে যোগাযোগ করছি আমরা। বানরের শরীরে পরীক্ষা করার জন্য অন্তত দুই মাস সময় লাগবে বলেও জানান তিনি।
বিএমআরসি'র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার (২০ জুন) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হবে।
এবছরের ১৭ জানুয়ারি দেশীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড নিজেদের উৎপাদিত করোনাভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতির চেয়ে বিএমআরসি'র কাছে আবেদন করে।
এর আগে গত বছরের ৫ অক্টোবর গ্লোব বায়োটেক জানায়, তাদের টিকা ইঁদুরের ওপর প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে।
একাত্তর/আরএইচ
