সড়ক দুর্ঘটনা কমাতে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আপাতত ইজিবাইক চালু থাকবে। বিকল্প ব্যবস্থা হলে এটিও বন্ধ হয়ে যাবে।
রোববার (২০ জুন) দুপুরে, সচিবালয়ে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার-করণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা জানান।
গ্রামগঞ্জে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালুর পর শুরু হয় প্যাডেলে চলা রিকশা ও ভ্যানে ব্যাটারি লাগিয়ে যাত্রী ও পণ্য পরিবহন। তবে, নিম্নমানের ব্রেক আর গঠনশৈলীর কারণে এসব পরিবহনের নিয়ন্ত্রণ ঠিক থাকে না। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। রোববার সড়ক পরিবহন টাস্কফোর্সের সভাতেও গুরুত্ব পায় বিষয়টি।
সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “সারাদেশে রিকশা-ভ্যানে মোটর লাগিয়ে রাস্তায় চলছে। এসব রিকশা-ভ্যানের সামনের চাকায় শুধু ব্রেক, পেছনের চাকায় ব্রেক নেই। এসব রিকশা-ভ্যান যখন ব্রেক করে যাত্রীসহ উল্টে যায়। এখন মহাসড়কেও চলে এসব রিকশা। প্যাডেল চালিত রিকশার নয়, তবে প্যাডেল চালিত রিকশাকে যারা ইঞ্জিনে রূপান্তর করেছেন সেসব রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে আজকের সভায়”।
তিনি জানান, নসিমন, করিমন, ভটভটি এবং ঢাকা শহরে বিভিন্ন রকমের অটোরিকশা চলছে। এসব যানবাহন গ্রামাঞ্চলে বিকল্প যান হিসাবে চলছে। এনিয়েও আলোচনা হবে, যাতে খুব শিগগিরই এটাকে পরিমিত এবং শেষ পর্যন্ত বন্ধ করা যায়, সেটা নিয়েও কাজ হবে।
দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি যেন যাতায়াত করতে না পারে সেদিকে কঠোর নজর দিতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন: টিকা না পেলে কাজ হারাবেন প্রায় ১৫ হাজার কুয়েত প্রবাসী
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস টার্মিনাল ছাড়া কোনও জায়গা থেকে চাঁদা আদায় করা যাবে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলেও জানান তিনি।
একাত্তর/আরএ
