দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে এলএনজি কেনার জন্য আলাদা দুটি কোম্পানির কাছ থেকে পাওয়া প্রস্তাবেরে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) ১৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়। সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
২০২৬ সাল থেকে ১৫ বছর মেয়াদি ওই চুক্তির কার্যকারিতা শুরু হবে। খবর বাসসের।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান জানান, সিসিইএ’র সভায় মোট চারটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আলাদা দুই প্রস্তাব অনুযায়ী, পেট্রোবাংলা ২০২৬ সাল থেকে শুরু করে ১৫ বছরের দীর্ঘমেয়াদী ব্যবস্থার অধীনে মহেশখালীতে অবস্থিত এক্সেলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড থেকে ১ থেকে ১.৫ এমএমবিটিইউ এলএনজি কিনবে।
তিনি আরও জানান, ১৫ বছরের আরেকটি দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় পেট্রোবাংলা ২০২৬ সাল থেকে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড থেকে ১.৫ এমএমবিটিইউ এলএনজি কিনবে।
আমিন উল আহসান জানান, বিদ্যুৎ বিভাগের অপর এক প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ঘোড়াশাল তৃতীয় ইউনিট রিপাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের জন্য প্রধান উৎপাদনকারী কোম্পানি জেনারেল ইলেকট্রিক (সুইজারল্যান্ড) জিএমবিএইচ থেকে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে ক্ষতিগ্রস্ত গ্যাস টারবাইন কমপ্রেসর মেরামত সংক্রান্ত পরিষেবাগুলো সংগ্রহ করবে।
আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধী লিলির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
এছাড়া, সভায় সরকারি-বেসরকারি-অংশীদারিত্ব (পিপিপি) পদ্ধতির আওতায় ‘পূর্বাচল নিউ টাউনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ বাস্তবায়নের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। পূর্বাচল নিউ টাউন প্রকল্পে টেকসই ও পরিবেশবান্ধব পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে রাজউক এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।
একাত্তর/আরএ/কেএসএইচ
