মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কূটনৈতিক একটি সূত্রে একাত্তর জানতে পেরেছে, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সূত্রটি জানিয়েছে, ৭৯তম জাতিসংঘ অধিবেশন শুরুর দিন দুপুরে জাতিসংঘ ভবনে হবে সেই বিরল বৈঠক।
এই বৈঠক ‘নজিরবিহীন’ কেন
জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা আর বিশ্ব নেতাদের সম্মানে ভোজের আয়োজন ছাড়া মার্কিন প্রেসিডেন্ট নিউইয়র্কে কারও সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন না। অন্তত গত ২০ বছরে এমন নজির নেই। সেই বিবেচনায় ড. ইউনূসের সঙ্গে ‘নজিরবিহীন’ বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।
ওই বৈঠকের জন্যই ২৪ সেপ্টেম্বরের বদলে এক দিন এগিয়ে অর্থাৎ ২৩ সেপ্টেম্বর রাতের মধ্যে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।
নরেন্দ্র মোদীর সঙ্গে কী দেখা হবে ড. ইউনূসের
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের অধিবেশনে নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে না ড. ইউনূসের। নরেন্দ্র মোদী আগে নিজ দেশে ফিরবেন বলে তার সঙ্গে ড. ইউনূসের দেখা হচ্ছে না।
তবে অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে উচ্চপর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা আগামী ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন।
এবার নিরাপত্তা, সংবাদমাধ্যমসহ ৫৭ জনের প্রতিনিধি দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। ব্যয় সংকোচন এবং অপ্রয়োজনীয় খরচ না করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৫৭ জনের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘে যাচ্ছে বাংলাদেশ