বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন গত ২৬ ও ২৭ জানুয়ারি চট্টগ্রামে তার প্রথম সফর সম্পন্ন করেছেন। এই সফরে তিনি বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা প্রায় ৬০ হাজার মেট্রিক টন উচ্চমানের গমের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। এর মাধ্যমে আমেরিকার কৃষক এবং বাংলাদেশের আমদানিকারকদের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যের বিষয়টি ফুটে ওঠে। এরপর তিনি মার্কিন কৃষিপণ্য আমদানিকারকদের সঙ্গে বৈঠকে পণ্যের মান ও পরিবহন-সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বিএসআরএম স্টিল ও পাহাড়তলী টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে আসছে। পরিদর্শনের মাধ্যমে তিনি তুলে ধরেন কীভাবে আমেরিকান উদ্ভাবন বাংলাদেশের শিল্পখাতের প্রবৃদ্ধিতে অবদান রাখছে।

সফরে রাষ্ট্রদূত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে নতুন ‘আমেরিকান কর্নার’ পরিদর্শন করেন এবং মেয়র শাহাদাত হোসেন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস. এম. নছরুল কদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেন। এছাড়া তিনি চট্টগ্রাম ওয়ার সেমেটারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আমেরিকার পাইলট অফিসার উইলিয়াম বি. রাইস-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সুযোগ এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতা গভীর করার মাধ্যমে এই সফর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে।
নির্বাচনে স্বচ্ছ ফলাফল ও অবাধ প্রচারণা চায় জাতিসংঘ