মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানি খাতে সরকারের পক্ষে দীর্ঘ সময় ভর্তুকি দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) সকালে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় তিনি জ্বালানি সাশ্রয় ও ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে ইতিমধ্যে সাতটি পাম্পে পরীক্ষামূলকভাবে (পাইলটিং) মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। উপদেষ্টা জানান, অ্যাপটি দ্রুত আরও উন্নত করে সব পাম্পে ব্যবহারের উপযোগী করা হবে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হলে ভর্তুকি কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।
দেশে চাঁদাবাজি রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানান ডা. জাহেদ উর রহমান। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় সারাদেশে মব বা গণপিটুনির মাধ্যমে যেসব সহিংস ঘটনা ঘটেছে, তার প্রতিটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, ঢাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে। এই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সরকার ইতিমধ্যে প্রস্তুতিমূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।
দেশের বিভিন্ন স্থানে হামের প্রকোপ প্রসঙ্গে তিনি জানান, সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে হামের ভ্যাকসিনের কার্যক্রম পরিচালনা করছে। তবে মানুষের শরীরে ইমিউনিটি তৈরি হতে কিছুটা সময় লাগে বলে এর প্রকোপ পুরোপুরি কমতে সামান্য সময় লাগবে।
সাংবাদিক সম্মেলনে সরকারের গৃহীত অগ্রাধিকার কর্মসূচি এবং চলমান প্রশাসনিক পদক্ষেপগুলোও তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
পাশাপাশি উপদেষ্টা দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।
