রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম সাক্ষাৎ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের পাশাপাশি সেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকগুলোর বিষয়বস্তু রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার প্রদত্ত বক্তব্যকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ বলে অভিহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বমঞ্চে দেওয়া এই ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে বহুজাতিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের স্পষ্ট অবস্থান পরিষ্কার হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সফর আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতামত বিনিময় করেন। বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
