বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতি গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে ক্রেস্ট, সনদ ও অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, অসামান্য অবদানের স্বীকৃতি এবং পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও মর্যাদার সঙ্গে দিবসটি উদযাপন করা হচ্ছে। সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক গুণী শিক্ষককে নগদ দুই লাখ টাকা, একটি করে সম্মাননা সূচক ক্রেস্ট ও বিশেষ সনদ প্রদান করা হয়েছে।
এ বছর সম্মাননা পাওয়া ১০২ জন শিক্ষকের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিক পর্যায়ের ২০ জন, কলেজ পর্যায়ের ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় পর্যায়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় পর্যায়ের তিনজন এবং অন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ের চারজন শিক্ষক রয়েছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত সাতজন শিক্ষককেও সম্মাননায় ভূষিত করা হয়।
শিক্ষকদের সামাজিক মর্যাদা, পেশাগত অধিকার, গুণগত শিক্ষাদান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছর পাঁচ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
