পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষার প্রশ্নে বাংলাদেশ কোনো আপস বা ছাড় দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র দুই মসজিদের সুরক্ষায় সাহায্য বা সহযোগিতা চাওয়া হলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ।
শনিবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বর্তমান সম্পর্কের পরিধি কেবল শ্রমশক্তি রপ্তানি ও রেমিট্যান্সের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। এর বাইরে গিয়ে বিনিয়োগ, শক্তি ও জ্বালানি, প্রযুক্তি এবং মেরিটাইম সিকিউরিটিসহ বিভিন্ন ক্ষেত্রে সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি সুদৃঢ় ‘কৌশলগত অংশীদারত্ব’ গড়ে তুলতে আগ্রহী ঢাকা।
দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শিগগিরই প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করবেন বলেও জানান তিনি। এর মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
প্রতিমন্ত্রী জানান, ঐতিহাসিক ‘মক্কা চুক্তি’র বিষয়েও বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে।
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের তৎপরতার কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশি সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পবিত্র মক্কা-মদিনা ও পবিত্র মসজিদগুলোর সুরক্ষায় সৌদি সরকার সহায়তা চাইলে বাংলাদেশ তাদের পাশে দাঁড়াবে।
এদিকে মধ্যপ্রাচ্য সফরের আগে আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের অংশ হিসেবে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও জাপানি বিনিয়োগ বাড়ানো এবং জ্বালানিসহ উদীয়মান বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিক উন্মোচন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, এই জাপান সফর নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার পথ খুলে দেবে।
