শহরের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে নতুন ১১০ সিসির ‘ডিও’ স্কুটার এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে অটোমেটিক গিয়ার সমৃদ্ধ এই স্কুটারটি রাজধানীতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয়।
স্কুটারটিতে রয়েছে ১১০ সিসির PGM-FI ইঞ্জিন, যা আট হাজার আরপিএমে ১০.৮২ পিএস শক্তি এবং সাড়ে পাঁচ হাজার আরপিএমে ৯.০৩ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। অটোমেটিক গিয়ার থাকায় গিয়ার পরিবর্তনের ঝামেলা ছাড়াই এটি সহজে চালানো যাবে। শহরের তীব্র যানজটের কথা মাথায় রেখে স্কুটারটির ওজন রাখা হয়েছে ১০১.৫ কেজি, আসনের উচ্চতা ৭৬৫ মিলিমিটার এবং প্রশস্ততা ৬৮০ মিলিমিটার।
জ্বালানি সাশ্রয় ও নীরব স্টার্টের জন্য স্কুটারটিতে যুক্ত করা হয়েছে আইডলিং স্টপ সিস্টেম ও ACG সাইলেন্ট স্টার্টার। নিরাপত্তার স্বার্থে এতে রয়েছে কমবি ব্রেক সিস্টেম এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সিস্টেম। সাশ্রয়ী চালনার পাশাপাশি স্কুটারটির সামনের অংশে টেলিস্কোপিক সাসপেনশন ও পেছনে ইউনিট সুইং সাসপেনশন ব্যবহার করা হয়েছে।
ব্যবহারিক সুবিধার মধ্যে রয়েছে আসনের নিচে ১৮ লিটার স্টোরেজ ক্যাপাসিটি, ওপেন গ্লাভবক্স ও প্রশস্ত ফ্লোরবোর্ড স্পেস। ডিভাইস চার্জিংয়ের জন্য যুক্ত করা হয়েছে ১৫ ওয়াটের টাইপ-সি চার্জিং পোর্ট। এছাড়া আসন না খুলেই বাইরে থেকে জ্বালানি নেওয়ার জন্য রয়েছে এক্সটার্নাল ফুয়েল লিড এবং নতুন ডিজাইনের ডিআরএল হেডল্যাম্প।
নতুন মডেল উন্মোচনকালে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, আজ আমরা বাংলাদেশে দুই চাকার যানবাহনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করছি। তরুণদের পাশাপাশি নারী ও পুরুষ—সব ধরনের চালকের দৈনন্দিন যাতায়াত সহজ করতে আমরা স্থানীয়ভাবে হোন্ডার গুণগত মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে এই স্মার্ট স্কুটারটি সরবরাহ করছি।
প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান জানান, সহজ নিয়ন্ত্রণ, আকর্ষণীয় স্টাইল এবং জ্বালানি সাশ্রয়ী PGM-FI ও ISS প্রযুক্তির কারণে প্রতিদিনের শহরের যাতায়াতে ডিও একটি চমৎকার অভিজ্ঞতা দেবে।
ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ও ইম্পেরিয়াল রেড মেটালিক—এই তিনটি রঙের নতুন হোন্ডা ডিও স্কুটারটির দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৭ হাজার টাকা। শুক্রবার (৯ অক্টোবর) থেকেই দেশের সব হোন্ডা অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার শোরুমে এটি পাওয়া যাচ্ছে। ক্রেতারা দুই বছর বা ২০ হাজার কিলোমিটারের ওয়ারেন্টির পাশাপাশি পাঁচটি ফ্রি ও দুটি পেইড সার্ভিস সুবিধা পাবেন।
