জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’ পাঁচতারা রিসোর্টে ওঠেন।
সফরসূচি অনুযায়ী, সফরের প্রথম দিনেই স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য কপ৩১ সম্মেলনের ১২ নভেম্বরের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হওয়া সত্ত্বেও ভৌগোলিক কারণে শীর্ষ জলবায়ু ঝুঁকিতে থাকার বিষয়টি তুলে ধরবেন। পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, ক্ষতিপূরণ ও অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার অবস্থান পুনর্ব্যক্ত করবেন। সম্মেলনে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
সম্মেলনের ‘গ্রিন জোন’-এ পাটের পরিবেশবান্ধব বহুমুখী ব্যবহার ও প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরতে বাংলাদেশের পক্ষ থেকে একটি বিশেষ ‘পাট-প্যাভিলিয়ন’ স্থাপন করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সমন্বয়ে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী, যার মধ্যে পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ রয়েছেন। আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
ককটেল ফুটিয়ে অরাজকতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে নাশকতার দায় সরকারকেই নিতে হবে: শফিকুর রহমান