রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তারা সিএনজিটির যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম শহিদুল ইসলাম (৫০)। তার বাড়ি যশোর সদর উপজেলার নূরপুর গ্রামে। বাবার নাম আবুল কাশেম।
বর্তমানে শহিদুল ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার দুই ছেলে রয়েছে।
আহতরা হলেন, সিএনজি যাত্রী মালতি রানী (৪৫) ও ছেলে বিশ্বজিৎ (৩০)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুবাইদুল ইসলাম বলেন, বিমানবন্দর এলাকা থেকে যাত্রী নিয়ে ফার্মগেটে আসছিল অটোরিকশাটি। বনানী এলাকার সড়কে কোনো একটি যানবাহনের সঙ্গে অটোরিকশাটি সজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। এবং দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অটোরিকশার চালক ও দুই যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অটোরিকশাচালককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এসআই জুবাইদুল জানান, শহিদুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসকে হোটেলে আনে হত্যাকারী
শহিদুলের ছেলে সজীব রায়হান বলেন, তার বাবা গতকাল রাত ১০টার দিকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হন। আজ সকালে বনানী থানা-পুলিশের মাধ্যমে জানতে পারেন, তার বাবা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
একাত্তর/আরএ
