প্রয়াত আওয়ামী লীগ নেতা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মরহুম মো. আসলামুল হক স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ এপ্রিল) সকাল ১১টায় মিরপুরের মাজার রোডের ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে মায়িশা গ্রুপের কো-চেয়ারম্যান মাকসুদা হকের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। শাহ আলী থানা, দারুস সালাম থানা ও মিরপুর থানা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।
স্মরণসভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা বলেন, 'আসলামুল হক করোনাকালীন সময়ে সংসদ সদস্য হিসেবে নিজস্ব বুদ্ধিমত্তায় করোনাকালীন দুর্যোগ মোকাবেলা এবং লকডাউন কার্যক্রম তরান্বিত করতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন। মহানগর আওয়ামী গে মো আসলামুল হক একটি ব্র্যান্ডের নাম।'
মরহুম আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক তার বক্তব্যে বলেন, 'ঢাকা-১৪ তথা এই মিরপুর ছিলো আমার প্রয়াত স্বামীর আরেকটি পরিবার। তাই আমি ও আমার পরিবার সর্বদা মিরপুরবাসীর সাথে আছি।'
তিনি আরো বলেন, 'আমরা যদি মরহুম জননেতা আসলামুল হকের জীবন থেকে শিক্ষা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি তবেই এই স্মরণসভা সার্থক হবে। অন্যথায় এই আয়োজন কেবলই একটা আনুষ্ঠানিকতা হয়ে থাকবে। তাই আমরা চাইনা এই স্মরণসভা শুধু আনুষ্ঠানিকতা হয়ে থাকুক। আমরা চাই সবাই মানুষের উপকার করুন, বিপদে মানুষের পাশে দাঁড়ান, তবেই আসলামুল হককে স্মরণ করা হবে, সার্থক হবে এই আয়োজন।'
ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু মো. আসলামুল হকের চলে যাওয়াকে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন।
স্মরণসভায় মরহুম মো. আসলামুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে দল ও এলাকাবাসীর জন্য যে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন তা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন নেতারা। দলে তার অভাব সহজেই পূরণ হবার নয় বলে জানান তারা।
ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুর সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর সভাপতি শেখ বজলুর রহমান, এম এম মান্নান কচি (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ), আজিজুল হক রানা (সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ), মোবাশের চৌধুরী (যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি), এস এম হানিফ (সভাপতি, মিরপুর থানা আওয়ামীলীগ), এড. কাজী আজাদ (সাধারণ সম্পাদক, মিরপুর থানা আওয়ামী লীগ), এ বি এম মাজার আনাম (সভাপতি, দারুসসালাম থানা আওয়ামী লীগ), কাজী ফরিদুল হক হ্যাপি (সাধারণ সম্পাদক, দারুসসালাম থানা আওয়ামী লীগ), কাশেম মোল্লা (সাধারণ সম্পাদক, শাহ আলী থানা আওয়ামী লীগ), মোহাম্মদ ইসমাইল হোসেন (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুবলীগ)।
উল্লেখ্য, পেশায় ব্যবসায়ী মরহুম মো. আসলামুল হক রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সহ-সভাপতি ছিলেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। মায়িশা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম মো. আসলামুল হক ভূমি ব্যবস্থাপনা, রিয়েল এস্টেট, বিদ্যুৎ উৎপাদন ও বিক্রয়, কেমিক্যাল আমদানি, কনজ্যুমার প্রোডাক্টস ও ট্রেডিং ব্যবসার সাথেও জড়িত ছিলেন।
আওয়ামী লীগ সংসদ সদস্য মরহুম মো. আসলামুল হক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি 'দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ' এর সদস্যও ছিলেন।
গত বছরের ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য থাকাকালীন সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
একাত্তর/এসজে
