এবার রেলের এক টিটিই'র বিরুদ্ধে নারী যাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে। ট্রেনে ভ্রমণকালে শারীরিকভাবে হয়রানির শিকার ওই নারী কমলাপুর রেলস্টেশনে লিখিত অভিযোগ করেছেন।
আর এই ঘটনার প্রতিবাদ করায় ওই ট্রেনের চারজন যাত্রীকে মারধর করে পুলিশে দিয়েছেন অভিযুক্ত টিটিই উৎপলসহ রেলওয়ের কর্মচারীরা।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের রেল স্টেশন থেকে দুই সন্তান ও দেবর লিটন সরকারকে নিয়ে পদ্মা এক্সপ্রেসে ওঠেন তাসিলমা বেগম।
ট্রেনে অতিরিক্ত যাত্রী ওঠায় নির্ধারিত আসনে যেতে পারছিলেন না তিনি। এ সময় টিটিই উৎপল একই বগিতে আরেক যাত্রীর সাথে কথা কাটাকাটি করছিলেন।
ট্রেনে নিজ আসনে যাওয়ার জন্য টিটিই উৎপলকে সরে যেতে বলেন এই নারী। কিন্তু উৎপল সহযোগিতা না করে উল্টো তার গায়ে হাত দিয়ে ধাক্কা দেন।
তাসলিমার দেবর লিটন সরকার এমন আচরণের প্রতিবাদ জানালে দুই সন্তানসহ তসলিমা বেগমকে ট্রেন থেকে নেমে যেতে বলেন টিটিই উৎপল।
এক পর্যায়ে দেবর লিটনসহ প্রতিবাদী কয়েকজন যাত্রীকে মারধর করেন অভিযুক্ত টিটিইসহ রেলের কর্মচারীরা।
যদিও এ সময় ঈদের যাত্রী চলাচল নজরদারিতে রেলস্টেশনে রেলের পশ্চিমাঞ্চলের এক জেষ্ঠ কর্মকর্তাসহ একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
মারধরের পর ভুক্তভোগী নারীর দেবরসহ কয়েকজন যাত্রীকে সিরাজগঞ্জ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন কর্তৃপক্ষ।
কয়েক ঘণ্টা থানায় আটকে রাখার পর লিটন সরকারকে ছেড়ে দেয় পুলিশ।
পদ্মা এক্সপ্রেস রাত এগারোটায় কমলাপুর স্টেশনে আসলে ভুক্তভোগী নারী স্টেশন অফিসারের কাছে অভিযোগ করতে যান।
আরও পড়ুন: রেলমন্ত্রীর ইউটার্ন! টিটিই শফিকুলের বহিস্কারাদেশ প্রত্যাহার
কিন্তু ঘটনাটি পশ্চিম জোনের, এই অজুহাতে প্রথমে অভিযোগ নিতে চাননি কমলাপুরের স্টেশনে ওই সময়ে কর্মরত অফিসার। পরে সাংবাদিকদের উপস্থিতি দেখে লিখিত অভিযোগ গ্রহণ করেন।
এদিকে কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান, ঘটনাটি জানার পর টিটিই উৎপলের সাথে যোগাযোগ করা হলে উৎপল তাকে জানান তিনি শনিবার দায়িত্বে ছিলেন না।
একাত্তর/এনএ
