রাজধানীতে পুরান ঢাকায় নিখোঁজের একদিন পর পানির ট্যাংকি থেকে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটায় কাজী রিয়াজউদ্দিন রোডের একটি পঞ্চম তলা বাড়ির নিচতলার রিজার্ভ ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত শিশু আরিয়ান (৬) নোয়াখালী জেলার বাসিন্দা অটোচালক ও ট্রাক হেলপার মো. আরিফের ছেলে। কাজী রিয়াজউদ্দিন রোডে একটি ভবনের নিচ তালায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো আরিয়ানের পরিবার। এক ভাই ও এক বোনের মধ্যে আরিয়ান ছিল ছোট।
নিহত আরিয়ানের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দুইটার পর থেকে আরিয়ান নিখোঁজ ছিল। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাত দুইটায় আরিয়ানের মা ইয়াসমিন আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার রাত সোয়া আটটায় ফায়ার সার্ভিসের একটি টিম ওই পাঁচতলা বাড়ির নিচতলায় পানির রিজার্ভ ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আরিয়ানের ফুফাতো ভাই ইমন বলেন, শুক্রবার দুপুরে বাসার পাশের গলিতে আরিয়ানসহ শিশুরা চোর-পুলিশ খেলছিল। দুপুর দুইটা পর্যন্ত ওই গলিতে অন্যান্য শিশুদের সাথে তাকে খেলা করতে দেখা যায়। তারপর থেকে আর তাকে দেখা যায়নি।
সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাইসুল ইসলাম জানান, রাত পর্যন্ত আরিয়ান বাসায় না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর রাতে তার মা চকবাজার থানায় জিডি করেন। শিশুটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে রাত ১১টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: উচ্ছেদের ঘোষণায় দিশেহারা তেলেগু কলোনির বাসিন্দারা
তিনি আরও জানান, অন্য শিশুদের চোর-পুলিশ খেলতে গিয়ে হয়ত আরিয়ান ওখানে পালাতে গিয়ে ওই রিজার্ভ ট্যাংকে পড়ে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্যাংকির মুখ শক্তভাবে আটকানো ছিল না, উপরে শুধু কাঠ দিয়ে ঢাকা ছিল বলেও জানান তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/জো
