ভোগান্তিমুক্ত ও নিরাপদ ঈদযাত্রার লক্ষ্যে এবার ঢাকাসহ রাজধানীর আশপাশের ৪৬টি পয়েন্টে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলবে বলে জানালেন বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। অভিযান চলবে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধেও।
এদিকে, ভাড়া নৈরাজ্য ঠেকাতে রাজধানীর টার্মিনালগুলোতে চলছে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বাসগুলো যাত্রীদের কাছে বাড়তি ভাড়া আদায় করছে কিনা সে বিষয়ে চলছে নজরদারি। নির্বাহী হাকিম জানান, এবার পুরো ঈদযাত্রায় এই অভিযান চলবে। এতে গাড়ির কাগজপত্রও যাচাই বাছাই করা হচ্ছে।
এর বাইরে নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি দামে টিকিট বিক্রি, বেশি লাভের আশায় টিকিট সংরক্ষণ করা যাবে না। প্রদর্শন করতে হবে গাড়ির ভাড়ার মূল্য তালিকা।
এছাড়া নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই গাড়ি থেকে মাঝপথে যাত্রীকে নামিয়ে দিয়ে ও এসি গাড়ির ভাড়া নেওয়ার শর্তে সার্বক্ষণিক এসি সরবরাহ না করলে পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। করা হবে আইন অনুযায়ী জরিমানা।
বিআরটিএ-এর চেয়ারম্যান বলেন শুধু মহাখালি,গাবতলি বা সায়েদাবাদ টার্মিনালই নয়, অভিযান চলবে ঢাকা ও আশপাশের ৪৬টি পয়েন্টেও।
ঢাকার ২০টি পয়েন্টে, ঢাকা-আরিচা মহাসড়কের ৪টি পয়েন্টে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৪টি পয়েন্ট, ঢাকা-বগুড়া রুটের ৭টি পয়েন্টে, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের ৪টি পয়েন্টে, ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের ৫টি পয়েন্টে এই অভিযান চালাবে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত।
অভিযান চলবে ফিটনেসবিহীন গাড়ি ও যেসব গাড়ি ঈদযাত্রায় রুট বদলে মহাসড়কে নামার বিরুদ্ধেও। বিআরটিএ জানিয়েছে, ঈদের ৩ দিন আগে থেকে ঈদের ৩দিন পর পর্যন্ত দেশের ৩টি টার্মিনালে সার্ভিলেন্স টিম থাকবে পরিবহন সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য।
একাত্তর/এআর
