আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীদের মনে এবার ঈদের আনন্দ নেই। ঈদের কয়েকদিন আগে বঙ্গবাজারের ব্যবসায়ীরা অস্থায়ী দোকান খুলে বসলেও তেমন ক্রেতা পাননি। কারণ অস্থায়ী দোকানগুলোতে ক্রেতা আকর্ষণের মতো মালামালের যোগান ছিলোনা। নিউ সুপার মার্কেটে ক্রেতা থাকলেও আগুনে মালামাল পুড়ে যাওয়ায় ছিলো না তেমন কোন পণ্য।
ঈদের বাজারে মাসভর বেচাবিক্রি শেষে এবারও স্বস্তির একটা ঈদ কাটানোর কথা ছিলো বঙ্গবাজারের দোকান মালিক আর বিক্রয় কর্মীদের। কিন্তু তাদের সব হিসেব নিকেশ পাল্টে গেছে। নিষ্প্রাণ আর ক্রেতাশুন্য বঙ্গবাজারে খড়কুটো আকড়ে থাকার মতোই সারি সারি চৌকিগুলোতে অলস সময় পার করেছেন দোকানিরা।

আগুনে সব হারানোর পর আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু তীব্র তাপদাহে খোলা আকাশের নিচে ক্রেতা পেয়েছেন হাতে গোনা। সবমিলে তাদের বিক্রির আশা মেটেনি। তাই ঋণের বোঝা মাথায় নিয়েই এবার ঈদ কাটাচ্ছেন তারা।
প্রায় একই চিত্র আগুনে ক্ষতিগ্রস্ত নিউ সুপার মার্কেটেও। বুধবার মার্কেটটি চালু হলেও ঈদ বাজারে যেমন হয়; সেটি তারা পাননি। ঈদের আগের দিনটিতেও চলেছে আবর্জনা সরিয়ে নেয়ার কাজ। তারমধ্যেই বেচে যাওয়া কিছু মালামাল বিক্রির চেষ্টায় করেছেন দোকানিরা।
কয়েকদিনের ব্যবধানে এই দুই পোশাকের বাজারে আগুনে পুড়েছে কোটি কোটি টাকার সম্পদ। ভেঙেছে হাজারও স্বপ্ন। এখনও সরকার ও বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত সহায়তার দেখা পাননি ব্যবসায়ীদের অনেকে। তবুও ঈদের পর আবারও নতুন করে সব শুরু করার আশা আছেন তারা।
গত চার এপ্রিল ভোর ছয়টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই সব কিছু আগুনে ছাই।

আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিলো যে আশপাশের মার্কেটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনে আশপাশের সাতটি মার্কেটের প্রায় পাঁচ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এক বঙ্গবাজারেই পুড়েছে প্রায় তিন হাজার দোকান।
আরও পড়ুন: দরিদ্রদের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহবান রাষ্ট্রপতির
আর শনিবার ভোর পাঁচটা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হতে থাকে। আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে প্রায় ২৭ ঘন্টা লেগে যায়।
নিউ সুপার মার্কেটে প্রায় ১২০০’র মতো দোকান রয়েছে। এরমধ্যে তিনতলার একাংশের ২৫০টি দোকানের মালামাল সবই পুড়ে যায়।
একাত্তর/এসি
