ঢাকা-১৭ আসনে উপ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল প্রার্থীদের সতর্ক করে বলেছেন, আপনারা নির্বাচনের প্রচার নিয়ে কোনোভাবেই আক্রমণাত্নক হবেন না, কাদা ছোঁড়াছুড়ি করবেন না। কোনো মিথ্যা অভিযোগ থাকলে অহিংসভাবে তার প্রতিবাদ করুন। সহিংস হবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে।
মঙ্গলবার ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন। এসময় প্রার্থীদের বিভিন্ন অভিযোগ আর নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা শোনেন কমিশনের কর্মকর্তারা।
সভয় আট জন প্রার্থীর মধ্যে উপস্থিত ছিলেন না আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তার প্রতিনিধি উপস্থিত হলেও দেরিতে আসায় উষ্মা প্রকাশ করেন সিইসি।
সিইসি বলেন, নিরপেক্ষ ভোট করতে কমিশন প্রস্তুত। তবে অনিয়ম ধরা পরলে প্রয়োজনে পুরো ভোট বন্ধ করা হতে পারে।
তিনি বলেন, প্রার্থী প্রতি কেন্দ্রে নিজস্ব পোলিং এজেন্ট নিশ্চিত করবেন। এটা একধরণের প্রতিদ্বন্দিতা। আপনার পোলিং এজেন্ট না থাকলে অনেকটাই নিরাপত্তাহীন হয়ে পড়বেন। আপনার সঙ্গে কেউ অন্যায় করছে কি না সেটা আপনার পোলিং এজেন্টই জানাবে। তখন আমরা ব্যবস্থা নিতে পারবো। পোলিং এজেন্ট না দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করলে সেটা যুক্তিসঙ্গত হবে না।
সিইসি বলেন, প্রতিটি কেন্দ্রেই থাকবে সিসি টিভির আওতায়। নির্বাচনের স্বচ্ছতা নিরুপণে গণমাধ্যম ভূমিকা রাখবে বলে আশা করে তিনি বলেন, আমরা সিসি টিভির পাশাপাশি টেলিভিশন চ্যানেলও মনিটর করি।
আরও পড়ুন: ঈদের আগে রেকর্ড পরিমাণ বাড়লো মসলার দাম
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মো. আলমগীর, রাশেদা সুলতানা প্রমুখ।
আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনের ভোট। চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এ আসন শূন্য ঘোষণা করা হয়।
একাত্তর/এসি
