ঢাকার কেরানীগঞ্জে চুরির অভিযোগে মোঃ রনি (১১), মোঃ আসিফ (১২), মোঃ জাহিদ (১১) ও মোঃ ইয়াসিন (৯) নামে চার শিশুকে কারখানায় আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় কারখানার মালিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৪ আগস্ট) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের কেসি সাহ এলাকায় রাইফা মেটাল নামক কারখানায় র্যাব-১০ অভিযান চালিয়ে নির্যাতিত চার শিশুকে উদ্ধার করেন। সেইসাথে কারখানার মালিকসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আব্দুল মালেক, মো. রাজিব আহমেদ, মো. মামুন মোহাম্মদ সাদেক।
র্যাব জানায়, ওই চার শিশুকে নির্যাতনের সময় অভিযুক্তরা একটি ভিডিও ধারণ করেছিলো। যা ইতোমধ্যে র্যাব জব্দ করেছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবীর সোয়েব বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে জানান, রাইফা মেটাল নামক কারখানার মালিকের ছেলে রাজিবের নেতৃত্বে ওই ৪ শিশুকে বাসা থেকে ধরে এনে রাইফা মেটাল নামের ওই কারখানায় অন্যায়ভাবে আটকে রাখে।
পরে রাত সাড়ে ১২টার দিকে শিশুদের অবিভাবকরা শিশুদেরকে ছাড়িয়ে আনতে কারখানায় যায়। কিন্তু কারখানার মালিকের ছেলে মোঃ রাজিব শিশুদের না ছেড়ে সেখানে আটকে রেখে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় লোহার রড এবং কাঠের রুলার দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
আরও পড়ুন: করোনায় মৃত মুক্তিযোদ্ধার দাফনে অসহযোগিতা
বিষয়টি কারখানার মালিককে জানালে কারখানার মালিক তার ছেলেকে কিছু না বলে উল্টো নির্যাতিত শিশুদের অবিভাবকদের বিভিন্ন ধরণের হুমকি প্রদর্শন করে। কিন্তু ঘটনার পর পরিবারের সদস্যরা র্যাবের কাছে এ বিষয়ে অভিযোগ জানালে ৪ আগস্ট রাতে কারখানায় অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধারসহ নির্যাতনকারী চারজনকে আটক করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
একাত্তর/আরএ
