স্বাস্থ্য সুরক্ষা ও ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর উদ্যোগে এবং সিওক হেলথকেয়ার-এর সহযোগিতায় এই আয়োজন করা হয়।
আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে চীনের মডার্ন ক্যানসার হাসপাতাল (গুয়াংজু) এই সেমিনারে যুক্ত ছিলো। এতে তিনটি বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যানসার বিশেষজ্ঞ লিন জিং। তিনি আধুনিক ক্যানসার চিকিৎসার অগ্রগতি, প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা এবং সঠিক সময়ে রোগ নির্ণয়ের গুরুত্ব তুলে ধরেন।
মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজু-র ব্রাঞ্চ ম্যানেজার এমিলি লি আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার সুযোগ ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া। এছাড়া সিওক হেলথকেয়ার-এর কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি অনুষ্ঠানে বক্তব্য দেন।
আয়োজক সংগঠন ‘আমরা নারী’-র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম. এম. জাহিদুর রহমান বিপ্লব বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে পারি।
তিনি ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারে ক্যানসারের প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণ, নিয়মিত স্ক্রিনিংয়ের প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আধুনিক ক্যানসার চিকিৎসা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
