'বিএনপি যে জ্বালাও-পোড়াও করছে, নৈরাজ্য করছে, তা দমনের জন্য আমাদের ছাত্রলীগের ভাইয়েরাই যথেষ্ট' বলে মন্তব্য করলেন চিত্রনায়িকা এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের আহ্বায়ক মাহিয়া মাহি। তিনি বলেন, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি মানুষ প্রত্যাখ্যান করেছে। যার কারণে তাদের জ্বালাও-পোড়াও কর্মসূচির মধ্যেও মানুষ রাস্তায় নেমে এসেছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের ব্যানারে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মাহি আরও বলেন, নতুন প্রজন্মের একটি ছেলে যখন তার মোবাইল ফোনে একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করার দৃশ্য দেখে, তখন সে বা তার পরিবার চায় না, বিএনপি ক্ষমতায় আসুক।
তিনি আরও বলেন, আমার ছোট বোনটা যখন বছরের শুরুতেই নতুন বই পায় , দেশের এত উন্নয়ন দেখে, তখন সে ও তার পরিবার চায়না বিএনপি ক্ষমতায় আসুক। আমার চাঁপাইনবাবগঞ্জবাসী চায়না বিএনপি ক্ষমতায় আসুক। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নাই। দেশের তরুণেরা শেখ হাসিনার উন্নয়নের মার্কা নৌকাতেই তাদের প্রথম ভোটটি দেবে।
চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মাহি আরও বলেন, বিএনপি জোট যেসব অরাজকতা দেশে করছে তা নতুন প্রজন্ম ও পরিবারের সন্তানদের বোঝাতে হবে। আমাদের নতুন প্রজন্ম যেন বিএনপি কে সমর্থন না করে সেজন্য আমাদেরকেই তাদের বোঝাতে হবে এবং আওয়ামীলীগ যে উন্নয়নে বিশ্বাসী সেটাও বোঝাতে হবে। তা না হলেই তাদের জনসমর্থন দিন দিন কমে যাবে, তারা জনবিচ্ছন্ন হয়ে পড়বে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি সাঈফ জামান আনন্দ, পৌর সভাপতি ফয়সাল আহম্মেদ , পৌর সাধারন সম্পাদক রমজান ইসলাম সোহান সহ পৌর ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ।
এর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু একটি বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
