বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর চতুর্থ দফায় ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়ছে মানুষের উপস্থিতিও।
সড়কে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
প্রথম তিন দফার মতো চতুর্থ দফার অবরোধেও ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে আশপাশের জেলাগুলোতে কিছু বাস চললেও যাত্রী ছিলো হাতেগোনা। টানা অবরোধের কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। এছাড়াও ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
এর আগে চতুর্থ দফার অবরোধের প্রথম দিন রোববার দেশের বিভিন্ন স্থানে যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ থেকে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারাদেশে অবরোধ করে তারা। আলাদা কর্মসূচি দিয়ে সঙ্গে যোগ দেয় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত। এছাড়া বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা কয়েকটি দলও একই কর্মসূচি দেয়। ২ নভেম্বর ফের দু'দিনের অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি। এরপর ৮ নভেম্বর তৃতীয় দফার অবরোধ শুরু হয়ে তা শেষ হয় শুক্রবার। সেই অবরোধ শেষে রোববার ও সোমবার নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।
২৮ অক্টোবর সমাবেশের দিন থেকে অবরোধ কর্মসূচির শুরুর পর থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন সড়কে বাস, ট্রাক, অটোরিকশায় আগুন দেয়ার এবং ভাঙচুর করার খবর এসেছে।
২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার পর থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীতে ৬৪টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর ২০১৫ সালে ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে টানা তিন মাস হরতাল-অবরোধ পালন করে বিএনপি-জামায়াত জোট।
তিন মাসের অবরোধে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যু হয়। বহু গাড়িতে পেট্রোল বোমা মারা হয়। সরকার হঠাতে না পেরে ২০১৮ সালে তারা নির্বাচনে অংশ নেয়। এবার সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবারও তারা আন্দোলন করছে।
অবরোধে বিভিন্ন স্থানে যানে আগুন, র্যাবের হাতে আটক ৭
সাভারে বাসে আগুন