বিশ্ব দরবারে বাংলার সমুদ্র সৈকত কক্সবাজারকে তুলে ধরার নতুন প্রয়াস। এখানে প্রথমবারের মত হতে যাচ্ছে অলিম্পিকের বিচ ভলিবলের বাছাইপর্বের খেলা। আয়োজক হিসেবে বাংলাদেশও এই বাছাই পর্বে খেলার সুযোগ পাচ্ছে।
এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন হিসাবে মনে করছেন উত্তরের নগরপিতা আতিকুল ইসলাম।
কক্সবাজারের সমুদ্র সৈকত বাংলার গর্ব। একে বহির্বিশ্বে পরিচিত করে তোলা সাবার দায়িত্ব। যেই সুযোগটা কাজে লাগিয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসালাম। উড়ন্ত বলের দুরন্ত খেলায় উত্তেজনা এবার সাগর পাড়ে। বঙ্গবন্ধু এভিসি বিচ কন্টিনেন্টাল কাপ এবং কাভা বিচি ভলিবলের আসর বাংলাদেশে। হয়ে গেলো টুর্নামেন্টের ট্রফির উন্মোচনও।
প্রথম বারের মত এত বড় আয়োজন দেশের মাটিতে। প্যারিস অলিম্পিকের বাছাই পর্ব বলে কথা। গোটা বিশ্বের নজর থাকবে সেখানে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশের ভলিবল। সেই ভলিবলের মাধমেই কক্সবাজার সমুদ্র সৈকতের অপরুপ সৌন্দর্যের বার্তা ছড়িয়ে দিতে চান সবখানে।
মেয়র আতিকুল বলেছেন, কক্সবাজার যে আমাদের দীর্ঘতম সমুদ্র সৈকত তা আমরা বিশ্বের দরবারে এবং ক্রীড়াঙ্গনে তুলে ধরতে চাই। অলিম্পিকের এডভান্স পার্টি এবং এভিসির এডভান্স পার্টি মাসখানেক আগে দেখে গিয়েছে। আমরা মনে করি, এটিকে যদি আমরা নিরাপত্তা এবং অন্যসবের মাধ্যমে ঠিকমতো একটি সুন্দর আয়োজন উপহার দিতে পারি এটি বড় একটি বার্তা হবে। আমরা মুখেমুখে বলি কক্সবাজার আমাদের দীর্ঘতম সমুদ্র সৈকত। আমাদের খেলাধুলাকে যত বেশি সামনে আনা যাবে, পর্যটক তত বেশি আসবে।
উত্তরের নগরপিতা আতিকুল ইসলামের নামের পাশে চমক শব্দটা জুড়ে দেয়াই যায়। রাজধানীবাসীকে ভালো রাখতে রাস্তাঘাটের উন্নয়ন, নিরাপত্তা দেয়ার পাশাপাশি, বিনোদন কিংবা খেলাধুলা নিয়েও আছে বাড়তি মনোযোগ। মেয়রর্স কাপ আয়োজন প্রশংসা কুড়িয়েছে সবার।এবার বিচ ভলিবলে লাল সবুজকে নিয়ে যেতে চান ভিন্ন উচ্চতায়।
উত্তরের নগরপিতা আরও বলেন, সেদিন কক্সবাজারের পরিবেশটাকে একটু অন্যরকম করতে চাচ্ছি। সেদিন ওখানে গান হবে, ডিজে হবে, বাজনা হবে, সকলে আসবে, একটা উৎসবমুখোর পরিবেশ হবে। আমাদের কিন্তু চ্যালেঞ্জ আছে। এখানে আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করতে আসবে। এটা আমাদের জন্য বড় একটি পরীক্ষা হতে যাচ্ছে।
তিনি বলেন, যে দেশ থেকে আমরা এ আয়োজন ছিনিয়ে এনেছি, তারা কিন্তু খুশি না। তারা আমাদের ভুল ধরার জন্য বসে আছে। তাই আজ সকল সংস্থাকে অনুরোধ করবো আপনাদের সাহায্য দরকার। আমাদের শৃঙ্খলার মধ্যে থাকতে হবে এবং আমরা যাতে সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করতে পারি।
এবারের বিচ ভলিবলে স্বাগতিক বাংলাদেশ সহ নয়টি দেশের ২৯টি দল অংশগ্রহন করছে। বঙ্গবন্ধু এভিসি বিচ কন্টিনেন্টাল কাপ এবং কাভা বিচি ভলিবলের দুই বিভাগে প্যারিস অলিম্পিকের স্পট দখলের জন্য লড়বে ছেলে ও মেয়েদের দল। ৮ থেকে ১৬ই সেপ্টেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে চলবে এ প্রতিযোগিতা।
