অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে দারুণভাবে ঘায়েল করেছেন বাংলার টি-টোয়েন্টি কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডে কুপোকাত হওয়া রিয়াদের ঘুরে দাঁড়ানোর শুরু জিম্বাবুয়েতে। করেছেন নানা পরীক্ষা-নিরীক্ষা। ঘরের মাঠেও হাতেনাতে ফল মিলেছে।
বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় টি-টোয়েন্টির লড়াই। তার আগে রিয়াদের ক্যারিশম্যাটিক ক্যাপ্টেন্সির খতিয়ান থাকছে এই প্রতিবেদনে।
বোলারদের অসহায়ত্ব, তুলোধুনো হয়ে যাওয়া; সাথে একের পর এক মিস ফিল্ডিং, ছন্নছাড়া দশা; খেই হারানো বাংলাদেশের এমন দুর্দশাই দেখেছিল তাসমান পাড়; হৃদয় খুড়ে জেগেছিল বেদনা; মাহমুদুল্লাহ রিয়াদেরও যেনো করার কিছু ছিল না।
সেই দুঃসহ স্মৃতিই হয়তো তাড়া করেছিল জিম্বাবুয়েতে, নিউজিল্যান্ডে সলিড বোলারদের হতাশার ডায়েরি ঘেঁটেই হয়তো রোডেশিয়ায় নতুন ছক; তিন টি-টোয়েন্টিতে একুশ বোলার কাজে লাগিয়েছে রিয়াদ; সব মিলিয়ে গড়ে ম্যাচপ্রতি সাত বোলার।
আরও পড়ুন: গ্যালারি নয়, ছাদ থেকে ঐতিহাসিক জয় দেখলেন টাইগার শোয়েব
অজিদের বিপক্ষে চেনা কন্ডিশন, তবুও ব্যাটিং ব্যর্থতার ভূত চেপে বসেছিল ঘাড়ে; টি-টোয়েন্টি যেকোনো দলের বিপক্ষেই ১৩২ রানের টার্গেট বেশি কিছু নয়; হরহামেশাই যেখানে ১৮০ কিংবা দুইশ' রান চেজিংয়ের ঘটনা ঘটে।
অল্পপুঁজি, সাথে মোটামুটি মানের একটা দল; যার ঘূর্ণিতে মূল ভরসা সাকিব আল হাসান আর পেইস অ্যাটাকে মোস্তাফিজ। বাকিদের কেউ পার্টটাইমার, কেউ আবার শিক্ষানবীশ।
নানা ঘাটের জলে ভেজা আর হরেক বঞ্ছনায় পোড় খাওয়া রিয়াদ মামুলি পুঁজির ম্যাচের শুরুতেই ঝুকিঁটা নিয়ে ফেললেন, বলটা তুলে দিলেন শেখ মেহেদির হাতে। প্রথমেই বাজিমাত, শুরুর বলেই অজিদের ছন্দপতন।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়
পরের ওভারেই নিয়ে আসলেন সেই নাসুমকে, জিম্বাবুয়ের সাথে সিরিজ নির্ধারণী ম্যাচটায় যার ভূমিকা ছিল নড়বড়ে; ইকোনোমি ১২-এর বেশি। ভরসার প্রতিদান নাসুমও দিলেন; আঘাতের পর আঘাত হেনে জয়টাকে করলেন সহজ থেকেও সহজতর।
তৃতীয় ওভারে সাকিব এসেও সেই চেনা ভেল্কি, প্রথম বলেই উইকেট তুলে নিল মিস্টার অলরাউন্ডার। এরপর যার যার কাজটা করেছেন সবাই, মুস্তাফিজ থেকে শরীফুল বোলিংয়ে ছিলেন নিয়ন্ত্রিত; সবার গড় ইকোনোমি ছিল ছয়ের নীচে।
জিম্বাবুয়ের সাথে প্রথম টি-টোয়েন্টিতে আট বোলার ব্যবহার করায়, অধিনায়কত্বের মুন্সিয়ানা নিয়ে ছিল প্রশ্ন; তবে রিয়াদ প্রমাণ করেছেন তিনি খুব একটা ভুল পথে হাঁটছেনা, ভ্যারিয়েশনের ক্যারিশমায় প্রতিপক্ষকে শক্ত ভীত গড়তে না দেয়ার চেষ্টাতেই এমন ওলটপাল করা।
একাত্তর/এসজে
