বিশ্বকাপে সেলেকাওদের ‘হেক্সা’ বা ষষ্ঠ ট্রফি জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। ব্রুনো গুইমারেসের পেনাল্টি মিস এবং তরুণ তুর্কি এন্ড্রিকের ব্যর্থতার রাতে আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পা রাখলো নরওয়ে। রোববারের এই ২-১ ব্যবধানের হারে সেলেকাওদের ট্রফি খরা গিয়ে ঠেকলো ২৮ বছরে।
খেলার শুরুতে অফসাইডের কারণে নরওয়ের প্যাট্রিক বার্গের একটি গোল বাতিল হলে বড়ো বাঁচা বাঁচে ব্রাজিল। এর কিছুক্ষণ পরই পেনাল্টি বক্সে ম্যাথিউস কুনহা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় কার্লো আনচেলোত্তির দল। তবে ব্রুনো গুইমারেসের দুর্বল স্পট-কিক নরওয়েজিয়ান গোলরক্ষক ওরজান নাইল্যান্ড সহজেই রুখে দিলে লিড নেওয়া হয়নি ব্রাজিলের।
প্রথমার্ধের শেষদিকে ভিনিসিয়াস জুনিয়র এবং মার্টিন ওডেগার্ড দুজনেই গোল করার কাছাকাছি পৌঁছেছিলেন, তবে দুই দলের গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কুনহার বদলে মাঠে নামানো হয় রিয়ালের তরুণ ফরোয়ার্ড এন্ড্রিককে। ভিনিসিয়াসের পাস থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও বাজে টাচের কারণে বল লক্ষ্যে রাখতে পারেননি এই কিশোর। এরপর নেইমারকে মাঠে নামিয়েও নরওয়ের আক্রমণাত্মক ফুটবল থামানো যায়নি। ম্যাচের ৭৩ মিনিটে বেনফিকার উইঙ্গার আন্দ্রেয়াস শেল্ডেরাপের ক্রস থেকে দুর্দান্ত হেডে নরওয়েকে এগিয়ে নেন আর্লিং হালান্ড।
ম্যাচের ৯০ মিনিটে পেনাল্টি বক্সের প্রান্ত থেকে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হালান্ড। স্টপেজ টাইমে ক্যাসিমিরো ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও তা কেবল সান্ত্বনাই বাড়িয়েছে।
