বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি চালানোর সময় ‘লাফিং গ্যাস’ বা নাইট্রাস অক্সাইড সেবন করে দুর্ঘটনা ঘটানোর দায়ে তাৎক্ষণিক কারাবাস থেকে রেহাই পেয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা উইঙ্গার রহিম স্টার্লিং। বুধবার যুক্তরাজ্যের বেসিংস্টোক ম্যাজিস্ট্রেট আদালতে সাজা ঘোষণার সময় বিচারক কার্স্টি অলম্যান ৩১ বছর বয়সী এই ফুটবলারকে ১২ মাসের কারাদণ্ড দিলেও, তা ১৮ মাসের জন্য স্থগিত রেখেছেন। এই সময়ের মধ্যে পুনরায় কোন অপরাধ করলে এই সাজা ভোগ করতে হবে তাকে। একই সঙ্গে তাঁকে ১০০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে জনসেবামূলক কাজ করার আদেশ দিয়েছেন আদালত।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ মে সকালে অফিসগামী মানুষের ব্যস্ত সময়ে দক্ষিণ ইংল্যান্ডের এম২৫ এবং এম৩ মোটরওয়েতে অত্যন্ত বিপজ্জনক ও এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলেন স্টার্লিং। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টিয়ারিংয়ের পেছনে বসে একটি বেলুন থেকে গ্যাস টানতে টানতে এক লেন থেকে আরেক লেনে বেপরোয়াভাবে গাড়ি ঘোরাচ্ছিলেন তিনি এবং একপর্যায়ে নিজের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।
গত সেপ্টেম্বরেই আদালতে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, নিষিদ্ধ নাইট্রাস অক্সাইড নিজের কাছে রাখা এবং পুলিশের কাছে রক্তের নমুনা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন স্টার্লিং। বুধবার রায় ঘোষণার সময় বিচারক কার্স্টি অলম্যান মন্তব্য করেন, স্টার্লিং সড়কে চলাচলকারী অন্য মানুষদের নিরাপত্তার প্রতি ‘সচেতনভাবে অবজ্ঞা’ দেখিয়েছেন। তবে দাতব্য কাজে তাঁর সম্পৃক্ততা এবং ঘটনার পর থেকে মাদকাসক্তি নিরাময় সেবার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে সরাসরি কারাগারে না পাঠিয়ে স্থগিত কারাদণ্ড দেওয়া হয়।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রহিম স্টার্লিং সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে। লিভারপুলের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করা এই ফরোয়ার্ড ২০১৫ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন। ২০২২ সালে চেলসিতে পাড়ি জমালেও সেখানে ছন্দ হারিয়ে ২০২৪-২৫ মৌসুমে ধারে আর্সেনালে খেলেন তিনি। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে স্বল্পমেয়াদি চুক্তিতে ডাচ ক্লাব ফেয়েনুর্দে যোগ দিয়ে ডাচ লিগে আটটি ম্যাচ খেললেও মৌসুম শেষে ক্লাব ছাড়ার পর থেকে বর্তমানে ক্লাবহীন অবস্থায় রয়েছেন স্টার্লিং।
তথ্যসূত্র: আল জাজিরা-বিবিসি
