মৌসুমের প্রথম হার বায়ার্ন মিউনিখের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অপ্রত্যাশিত ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে লিগ পর্বের পঞ্চম রাউন্ডে ফরাসি ক্লাব লিলের কাছে ২–১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। এর মধ্য দিয়ে ২০২৬–২৭ মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল দলটি।

চোটের কারণে দলের ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই এদিন মাঠে নামে বায়ার্ন। স্কোয়াডে ছিলেন না স্ট্রাইকার হ্যারি কেইন, গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, মাইকেল ওলিসে, সের্গে নাব্রি, আলফনসো ডেভিস ও ইসমাইল সাইবারি। নিয়মিত স্ট্রাইকার না থাকায় মিডফিল্ডার কনরাড লাইমারকে আক্রমণভাগে খেলান কোচ কম্পানি।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল সফরকারীরা। ১৫তম মিনিটে টম বিশফের কর্নার থেকে হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার দায়োত উপামেকানো। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিউনিখের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিক লিল। বিরতির পরপরই জাল খুঁজে নেন জাপানি ফরোয়ার্ড আয়াসে উয়েদা; তবে জশুয়া কিমিচকে বাধাদানের কারণে গোলটি বাতিল করেন রেফারি। অবশ্য ৬২তম মিনিটে নাথান এনগয়ের পাস থেকে গোলরক্ষক ইয়োনাস উরবিখকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান উয়েদা।

সমতায় ফেরার তিন মিনিট পরই, ৬৫তম মিনিটে জয়সূচক গোলটি পায় লিল। বেঞ্জামিন আন্দ্রের পাস ধরে এতান এমবাপ্পের নেওয়া শট পোস্টে লেগে ফিরে এলে তা বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন বায়ার্ন মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। শেষ দিকে জামাল মুসিয়ালা ও লুইস দিয়াসকে বদলি হিসেবে নামিয়েও আর ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি বলেন, ‘প্রথমার্ধটা ঠিক আমরা যেমন ভেবেছিলাম তেমনই ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আর ছন্দে ফিরতে পারিনি। চেষ্টার কোনো কমতি ছিল না, তবে দ্বিতীয় গোলটি অবশ্যই হওয়া উচিত ছিল না। এই হার নিয়ে বেশি দিন পড়ে থাকলে চলবে না, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

অন্যদিকে চলতি আসরে প্রথম জয় পাওয়া লিল কোচ দাভিদে আনচেলত্তি বলেন, ‘বিরতির সময় আমি উদ্বিগ্ন ছিলাম না। দ্বিতীয়ার্ধে আমরা বেশি উদ্যোগী হয়ে খেলেছি এবং দর্শকদের সমর্থন আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। আমার মনে হয় জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

এই হারের পর চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫তম স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেল লিল।

শনিবার বুন্দেসলিগায় হামবুর্গের মাঠে খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। আর চ্যাম্পিয়ন্স লিগে আগামী আট ডিসেম্বর ঘরের মাঠে স্লাভিয়া প্রাগের মুখোমুখি হবে তারা।

তথ্যসূত্র: উয়েফা ডটকম

একাত্তর/কেএম
বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে। 
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জার্মান ঝড়ে দিশেহারা হয়ে পড়ল নেদারল্যান্ডস। ম্যাচের দ্বিতীয়ার্ধের মাত্র ১৮ মিনিটের ব্যবধানে চার গোলসহ মোট পাঁচ গোল করে ডাচদের ৫-০ ব্যবধানে লজ্জাজনক হার উপহার দিয়েছে...
ইউরোপিয়ান ফুটবলে এক রোমাঞ্চকর ও নাটকীয় রাত! বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দুর্গে হানা দিয়ে তাদের দীর্ঘ ৪৩ ম্যাচের রেকর্ড অজেয় যাত্রা থামিয়ে দিল ইংল্যান্ড। রোববার রাতে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে...
গত সপ্তাহেই ইংলিশ ফুটবলের ২৩ বছরের খরা কাটিয়ে জিতেছেন ফুটবলের সর্বোচ্চ সম্মান ‘ব্যালনে ডি'অর’। আর সেই সাফল্য উদযাপনের পরপরই ভক্তদের আরেক বড় সুখবর দিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। জার্মানির পরাশক্তি...
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকার ২৬টি স্থানে। 
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে; একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। 
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি...
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর